খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর সদর থানা চানমারী শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বিএনপি নেতার ছেলেসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এসআরবি-৬ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও চানমারী বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে কেএমপি’র খুলনা সদর থানার আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারী শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।