গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক

গরুর মাংসের বাজারে ঘোড়া আতঙ্ক

ফন্ট সাইজ:

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তাভর্তি ঘোড়ার হাড়গোড়, চামড়াসহ বিভিন্ন দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাংসের বাজারে গরুর মাংস নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নতুন বাইপাসে বস্তাগুলো এলাকাবাসীর নজরে আসে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বস্তাগুলো নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। পরে বস্তাগুলো খোলার পর তারা দেখতে পান ভেতরে ঘোড়ার হাড়গোড়-চামড়া। তবে কারা এসব গভীর রাতে ফেলে গেছে, কেউ বলতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, ঘোড়া জবাই করে গোশত অন্যত্র সরিয়ে নিয়ে গরুর গোশতের নামে বিক্রি করে আসছে একটি অসাধু চক্র। তবে অভিযোগটির সত্যতা যাচাইয়ে প্রশাসনের তদন্ত জরুরি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় ঘোড়ার গোশত গরুর গোশতের সঙ্গে মিশিয়ে বিক্রির গুঞ্জন থাকলেও এতদিন তা প্রমাণ করার মতো কোনো আলামত পাওয়া যায়নি।

একসঙ্গে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধারের ঘটনায় সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে। এলাকাবাসীর ধারণা, জামালপুরের চরে একটি ঘোড়ার হাট রয়েছে। ওই ঘোড়ার হাট থেকে কম দামে ঘোড়া কিনে একটি চক্র হোটেল-রেস্তরাঁয় বিক্রি করে থাকেন। ওই চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়ার দেহাবশেষ কোথা থেকে কারা নিয়ে এলো- তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বস্তাগুলো মাটিচাপা দেয়ার কাজ চলছে।