প্রেসিডেন্টের সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সামপ্রতিক অর্জন, গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার চিত্র শুনে প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষিক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে গাকৃবিকে পরামর্শ দেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা।

২০২৬-এ কৃষিতে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘হুজ হুথ পুরস্কারপ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রেসিডেন্টকে জানান- গবেষণা, উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গাকৃবি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়া’র-এ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে গাকৃবির চ্যাম্পিয়ন হওয়ার গৌরব, আন্তর্জাতিক বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় অবস্থান এবং বৈশ্বিক পরিসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন এ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ প্রতিফলন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের কৃষি, গবেষণা ও উদ্ভাবনের বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি গাকৃবি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। আগামী ১৮ই মার্চ ২০২৭ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকার বিষয়েও তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন।