গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ হামজার

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ হামজার

ফন্ট সাইজ:

গাজার যুদ্ধপীড়িত শিশুদের চিকিৎসাসেবার জন্য ১ লাখ পাউন্ডের বেশি (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) তহবিল সংগ্রহ করেছেন হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ‘নুজুম স্পোর্টস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে এই বিশাল অঙ্কের অনুদান সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয় দলের এ মিডফিল্ডার। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে গত রোববার এই দাতব্য অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে নুজুম স্পোর্টস। সংস্থাটি মূলত পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের অধিকার রক্ষায় কাজ করে। অনুষ্ঠানটিতে মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষর করা বিভিন্ন স্মারক, জার্সি এবং পদক নিয়ে একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়। নিলামে বেশ বড় অঙ্কে বিক্রি হয় হামজার স্মরণীয় স্মারকগুলো। এর মধ্যে তার লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক ৩ হাজার পাউন্ডে বিক্রি হয়।

টিকিট বিক্রি ও নিলাম থেকে প্রাপ্ত সমগ্র অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থাকে প্রদান করা হয়েছে। এই সংস্থাটি বর্তমানে গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসাসেবা ও গুরুতর আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে স্থানান্তরে কাজ করছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বার্তায় হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি। এই উদ্যোগ সফল করতে যারা অংশ নিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ গাজার মানুষের দুর্ভোগের কথা স্মরণ করে এই তারকা ফুটবলার আরও বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে এই অর্জনের জন্য আমি বিনীতবোধ করলেও জানি, এত বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য একটি অবদান মাত্র।

এখনো অনেক কিছু করার বাকি আছে, তবে প্রতিটি চেষ্টাই-তা যত ছোটই হোক না কেন-পার্থক্য গড়ে তুলতে পারে।’ এই মানবিক কাজে পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হামজা। বাংলাদেশের দলের জার্সিতে তার সামনে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা। আগামী ৫ই নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে কোচ থমাস ডুলি জানিয়েছেন, ৯ই নভেম্বর থেকে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। সব ঠিকঠাক থাকলে ১১ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে দেখা যেতে পারে হামজাকে।