টি-টোয়েন্টি শেষ ফার্গুসনের আশার আলো দেখাচ্ছেন হেনরি

টি-টোয়েন্টি শেষ ফার্গুসনের আশার আলো দেখাচ্ছেন হেনরি

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের পেস আক্রমণে চোটের কালো ছায়া নেমে এসেছে। ভারত বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলা হচ্ছে না গতি তারকা লকি ফার্গুসনের। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করার পর স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, তার ডান কাফ মাসলে লো-গ্রেড টিয়ার বা মৃদু চোট রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, মাঠে ফিরতে তার আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। চোটের মিছিলে থাকা আরেক পেসার ম্যাট হেনরি এবং কাইল জেমিসন অবশ্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন।

ফার্গুসনের এই আকস্মিক ছিটকে যাওয়ায় স্বাগতিক শিবিরে হতাশা নেমে এসেছে। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার ম্যাথু ফিশার। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও আগামী ৪ঠা নভেম্বর থেকে অকল্যান্ডে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরতে পারেন হেনরি ও জেমিসন। পরিকল্পিত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই মূলত তাদের নিয়ে এই সতর্কতা। হেনরির ডান পায়েও মৃদু চোট রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। দলের এই পরিস্থিতির আলোকে প্রধান কোচ রব ওয়াল্টার কিছুটা হতাশা প্রকাশ করে গণমাধ্যমে বলেন, ‘লকি এবং ম্যাটের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে। চোট আন্তর্জাতিক ক্রিকেটের একটি অংশ, তবে ঘরের মাঠে এমন সময়ে সেরা খেলোয়াড়দের হারানো সত্যিই বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘ম্যাটের জন্য এটি আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে সে টি-টোয়েন্টির পর বিশ্রামে থাকবে এবং গ্রীষ্মকালীন ব্যস্ত সূচির আগে প্রস্তুত হবে। আমরা আশাবাদী সে ওয়ানডে সিরিজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, ভারত ইতিমধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিয়েছে। আজ অকল্যান্ডে এবং ১লা নভেম্বর হ্যামিল্টনে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।