চকরিয়ায় বাস-কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ফন্ট সাইজ:

চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের প্রাইভেটকারে থাকা শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার সুমন মিয়ার শিশুকন্যা মাইশা আক্তার (১০) ও চাঁদপুরের হাইমচর থানার গাজীনগর গ্রামের আমিনুল হকের স্ত্রী ইসমত আরা (৫৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। তবে যাত্রীবাহী বাসের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার ভয়াবহতায় কার গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা এক শিশুসহ চারজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ও এক নারী মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুইজন হলেন, চট্টগ্রামের হালিশহরের কবির কোম্পানির বাড়ি এলাকার আশিকুর রহমান (২৭) ও চাঁদপুরের হাইমচরের সম্রাট (৩০)। হতাহতদের বাড়ি চাঁদপুর ও বরিশালে হলেও তারা সপরিবারে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ জানান, দুর্ঘটনায় শিশুসহ দুই নারী ও দুইজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে দুইজন মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ আরও জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তবে যাত্রীবাহী বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে।