রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র মিস শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের প্রশাসকের দপ্তর কক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে কাজ করা, তথ্য ও প্রযুক্তি, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, নগর উন্নয়ন এবং দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র।

সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাজশাহী সিটি প্রশাসক পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের এডভাইজর ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র এডভাইজর জন আইনার কোভাম, স্ট্রমি ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র এডভাইজর কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, স্ট্রমি ফাউন্ডেশনের সিনিয়র এডভাইজর ও এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান।