নদী থেকে ৮৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গত বুধবার রাতে উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর তলদেশ থেকে বিষ্ণুমূর্তির একটি বিশাল খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে ডিজিটাল পরিমাপে মূর্তিটির ওজন ৮৫ কেজি পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কষ্টিপাথরের সত্যতা নিশ্চিত করে সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।