ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ জন নিহতের মামলায় বাসচালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীতে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৭জন নিহতের ঘটনায় বাসচালক ইকবাল হোসেন (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইকবাল গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ইকবালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ইকবালকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গত ২রা অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে রাত ১২টার পর সেটি মামলা হিসেবে রুজু হয়। ওই দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়েছেন তিনি। নিহতরা হলেনÑ জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেনÑ একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজিচালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।