মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ৮

ফন্ট সাইজ:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন, যারা আটক হওয়ার পর বাংলাদেশে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলছেন। বৃহস্পতিবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদে সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করে। এদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আটককৃত তিনজন ভারতীয় নাগরিক হলেন— পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাংলাদেশে আত্মীয় বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিলেন। অন্যদিকে, একই অভিযানে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন, গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), গোপালগঞ্জের দুলালী (৪০), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার জন্য বৃহস্পতিবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, আটককৃতদের ভাষা সবারই এক। নাগরিকত্ব নিশ্চিত করার পর জানা যাবে ক’জন ভারতীয় আর ক’জন বাংলাদেশি।