মেহেরপুরের গাংনীর গাড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে বিরোধে কালাম হোসেন (৬০) ও তার স্ত্রী রোকসানা খাতুন (৫৫)কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন স্বামী-স্ত্রী। জানা গেছে, গাড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মকলেছুর রহমান তার শরিকানা জমির উপর দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন। ওই জমির ১৬ শতক জমি সিদ্দিকুর রহমান তার বলে দাবি করেন।
এ নিয়ে ১৫ বছর ধরে দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলছিল। ইতিমধ্যে জমির রায় মকলেছুরের পক্ষে যায়। তারপর দু’পক্ষের মধ্যে মামলা চলছিল। মামলা চলাকালীন জমি সিদ্দিকুর একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে বিক্রি করেন। এ নিয়ে মজিদুল ও তার লোকজন বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মকলেছুরের চাচা কালাম ও তার স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আহত পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
