১১ বছর পর কাঠগড়ায় ওসি-এসআই

মাগুরায় বিএনপি নেতা হত্যা

১১ বছর পর কাঠগড়ায় ওসি-এসআই

ফন্ট সাইজ:

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও সাবেক এসআই ইসমাইল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গত বুধবার সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ সময় পর আলোচিত এ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই কর্মকর্তার কারাগারে যাওয়ার ঘটনায় মামলাটি আবারো আলোচনায় এসেছে। মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি শালিখার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল। নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১লা অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন। দীর্ঘদিন আগের এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর বুধবার দুই সাবেক পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলায় আনা অভিযোগের বিচার এখনো আদালতে প্রক্রিয়াধীন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ওসি বিপ্লব কুমার এবং ইসমাইল হোসেন সাবেক উপ-পরিদর্শক (এসআই)। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি।