কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, সাবেক মাদ্রাসার সুপার গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির অভিযোগে আব্দুস সালাম (৪৪) কে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) গ্রেপ্তার করে। রংপুর মহানগরীর আইডিয়াল মোড় শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে একটি প্রতারক চক্র নিয়োগের নামে যে প্রতারণা করছে। এটা অবহিত হওয়ামাত্রই আমরা কুড়িগ্রাম সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমরা আশা করি পুরো চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী বিচারে সোপর্দ করবে।

কেউ কোনো প্রকার টাকার প্রলোভন কিংবা বিশেষ সুবিধা নিয়ে দেয়ার কথা বললে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবহিত করে এই প্রতারক চক্র ও স্বার্থান্বেষী মহলকে ধরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণার মামলায় আব্দুস সালাম নামের সাবেক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে রংপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। এই আসামি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে একটি মাদ্রাসার সুপার ছিলেন।

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বরখাস্ত হন। এসআবি’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার জানান, এই ঘটনার গুরুত্ব বিবেচনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতা এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৪ টায় অভিযান পরিচালনা করা হয়।