ওসমানী হাসপাতালে ইন্টার্নদের হামলায় দুই সাংবাদিক আহত

ওসমানী হাসপাতালে ইন্টার্নদের হামলায় দুই সাংবাদিক আহত

ফন্ট সাইজ:

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষোভ বেড়েছে সাংবাদিকদের মধ্যে। আহতরা হলেন- দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে রোগীর স্বজনদের মারধরের ঘটনা ঘটে। এরপর অপারেশন থিয়েটারে নিয়ে আরেক রোগীর স্বজনদের বেধড়ক পেটানো হয়। এই ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে ইন্টার্ন চিকিৎসকেরা রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলা করেন। রেজা রুবেল জানিয়েছেন- স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়।

আঘাতের পর তারা রক্তাক্ত জখম হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চাইলেও তাদের ভর্তি করা হয়নি। আহত দুই সাংবাদিকের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে চলে যান। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তিতে পড়েন। কাউকে কাউকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যেতেও দেখা যায়। তবে হাসপাতালের উপ-পরিচালক ডা. বদরুল আলম সকালে জানিয়েছেন- বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা করেছে। তবে কী সিদ্ধান্ত হয়েছে সেটি তিনি প্রকাশ করেননি। এদিকে ঘটনার প্রেক্ষিতে দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে জরুরি সভা করা হয়েছে। সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। বক্তারা বলেন, এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় সিলেটের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ ছাড়া সভা থেকে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, ক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক ও ক্লাবের সাবেক সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম প্রমুখ।