ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহরটির রেলস্টেশনের একটি ব্যস্ত প্ল্যাটফর্মে রুশ ড্রোন আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া জানায়, জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন ওই প্ল্যাটফর্মে আঘাত হানে। তখন সেখান থেকে কাছের জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখভ।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলা হয়েছে। রিভনে অঞ্চলে চালানো হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
অন্যদিকে রুশ সংবাদমাধ্যমগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
মস্কোমুখী ৬১৩ ড্রোন, অধিকাংশ ভূপাতিতের দাবি রাশিয়ার
এদিকে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ৬১৩টি ড্রোন ছুড়েছে ইউক্রেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এর অধিকাংশই ভূপাতিত করেছে রুশ বাহিনী।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে এগিয়ে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ২৩১টি ড্রোন ধ্বংস করেছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর থেকে দূরবর্তী এলাকাগুলোতে বাকি ড্রোনগুলো প্রতিহত করা হয়।
আফ্রিকার ২২টিরও বেশি দেশের নেতার অংশগ্রহণে মস্কোতে একটি সম্মেলন চলার মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। তাস জানিয়েছে, এ ঘটনায় নিন্দা জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ সময়ে মস্কোকে লক্ষ্যবস্তু করা ‘খুবই অদ্ভুত’। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ২১৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
এ ছাড়া ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর স্তেরলিতামাকে একটি শিল্পপ্রতিষ্ঠানের সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র এমিল শাইমারদানভ। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।
