ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি’র প্রার্থী মির্জা ফয়সল আমীন ৭৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৮৯৯ ভোট।
এদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৪৯৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬৯ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮ ভোট। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ১০৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
