যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটির কারণে সেটি উড্ডয়ন করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেয়া হয়।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ করছে।
প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি কমাতে সহায়তা করে। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।
