‘আকর্ষণীয় মা’ হতে বুকের আয়তন বাড়াতে অস্ত্রোপচার করিয়েছি: জেনিফার লরেন্স

‘আকর্ষণীয় মা’ হতে বুকের আয়তন বাড়াতে অস্ত্রোপচার করিয়েছি: জেনিফার লরেন্স

ফন্ট সাইজ:

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, তিনি বক্ষদেশের আকার আয়তন বড় করার অস্ত্রোপচার করিয়েছেন। ভবিষ্যতে মুখের বলিরেখা কমাতে ফেসলিফট অস্ত্রোপচার করানোরও পরিকল্পনা রয়েছে তার। সন্তানদের যখন স্কুলে নিয়ে যাবেন, সে সময়ও তিনি আকর্ষণীয় ও গ্ল্যামারাস দেখাতে চান নিজেকে।

নিউইয়র্কের ফ্যাশনবিষয়ক সাময়িকী ‘দ্য কাট’কে দেয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি একজন আকর্ষণীয় মা হতে চাই। সন্তানকে স্কুলে নামিয়ে দেয়ার সময় আমি এমন একজন নারী হিসেবে দেখাতে চাই, যার জীবন সব দিক থেকে গোছানো। এমনকি ঘুম থেকে ওঠার পরও, যখন আমি নিজেই গোছানো থাকি না। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

স্বামী কুক মারোনির সঙ্গে জেনিফার লরেন্সের দুই ছেলে রয়েছে। মারোনি একটি আর্ট গ্যালারির পরিচালক। ২০২৫ সালে ‘দ্য নিউ ইয়র্কার’ সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, ওই বছরের শুরুর দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দেয়ার পর তার শরীর আগের অবস্থায় ফিরে আসেনি। এর আগে ‘বেবি বোটক্স’ চিকিৎসা নেয়ার কথাও প্রকাশ্যে বলেন লরেন্স।

এ নিয়ে রসিকতা করে তিনি জানিয়েছেন, বোটক্সের পুরো ডোজ নেয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ, অভিনয়ের প্রয়োজনে মুখের অভিব্যক্তি স্বাভাবিকভাবে পরিবর্তন করতে হয় তাকে। সাম্প্রতিক সময়ে হলিউডে ফেসলিফট অস্ত্রোপচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ‘ডিপ-প্লেন ফেসলিফট’ নামের একটি পদ্ধতি আলোচনায় রয়েছে। এতে মুখের ত্বকের নিচের গভীর টিস্যু তুলে পুনর্বিন্যাস করা হয়, যাতে মুখের চেহারায় তুলনামূলক স্বাভাবিক পরিবর্তন আসে।

রিয়েলিটি টেলিভিশন তারকা ক্রিস জেনার সম্প্রতি তার চেহারায় পরিবর্তন এনেছেন। গত বছর এ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়। নিজের অনুষ্ঠান ‘দ্য কারদাশিয়ানস’-এ মুখের অস্ত্রোপচারের প্রক্রিয়াও তুলে ধরেছেন তিনি। তবে তিনি ডিপ-প্লেন ফেসলিফট করিয়েছেন কি না, তা কখনো নিশ্চিত করেননি। অভিনেত্রী লিন্ডসে লোহানের চেহারায় পরিবর্তন আসার পরও এ ধরনের অস্ত্রোপচার নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে তিনি ফেসলিফট করানোর কথা অস্বীকার করেছেন।

২০১৩ সালে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন জেনিফার লরেন্স। এরপর ‘দ্য হাঙ্গার গেমস’ চলচ্চিত্র সিরিজসহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডের অন্যতম পরিচিত তারকায় পরিণত হন তিনি। নারীদের সৌন্দর্যের প্রচলিত মানদণ্ড নিয়ে বরাবরই সরব লরেন্স। হলিউডে তাকে কীভাবে দেখা হয়, তা নিয়েও কথা বলেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, হলিউডে তাকে ‘মোটা অভিনেত্রী’ হিসেবে বিবেচনা করা হয়।