উল্লাপাড়া পৌরসভায় দরপত্রে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার একটি দরপত্র-প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পৌর নির্বাহী প্রকৌশলী সাফিউল কবিরের বিরুদ্ধে। বুধবার ওই দরপত্রে অংশ নেওয়া মেসার্স সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা প্রশাসকসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, দরপত্রের শর্ত, মূল্যায়ন প্রক্রিয়া ও সরকারি নীতিমালা অনুসরণ না করেই সম্পূর্ণ একক সিদ্ধান্তে ঠিকাদার নিয়োগের সুপারিশ করেছে পৌর নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির। শুধু তাই নয়, দরপত্রটি ওপেন টেন্ডারিং মেথড (ওটিএম) পদ্ধতিতে বলা হলেও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) বহির্ভূত ভাবে দরপত্র বিজ্ঞপ্তিতে শুধুমাত্র উল্লাপাড়া পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার অংশগ্রহণ করতে পারবে বলে উল্লেখ করা হয়। এতে মৌখিক ভাবে ঠিকাদাররা আপত্তি তুললে মূল্যায়নে ওপেন টেন্ডার মেথড হিসেবে সবগুলো বিবেচনায় নেয়ার কথা বলেন ওই নির্বাহী প্রকৌশলী। কিন্তু ওপেনিংয়ের পর একজন ঠিকাদার ২৫ শতাংশ বেশি লেস দেন, যা অন্যদের তুলনায় বেশি। নিয়ম অনুযায়ী বেশি দর উদ্ধৃতকারীর কাছ থেকে টেন্ডার রেট অ্যানালাইসিস চাওয়ার কথা কিন্তু সেটা না চেয়ে গড় মূল্যায়নের জন্য রেখে দেন এবং নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে প্রকল্প পরিচালকের (পিডি) কাছে সিএস অনুমোদনের জন্য প্রেরণ করেছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
তবে, অভিযুক্ত পৌর নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, সকল নিয়ন মেনেই সিএস অনুমোদনের জন্য পিডির কাছে পাঠানো হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূইয়া বলেন, দরপত্রের নীতিমালা বিষয়ে পৌর প্রকৌশলীই ভালো বলতে বলতে পারবেন। তার নিজবাড়ি সিরাজগঞ্জ হওয়ায় সব কাজ সিরাজগঞ্জের লোকই পায়। তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি এলটিএম সিস্টেমে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে উল্লাপাড়া উপজেলা ও পৌর নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি ধরেননি।