ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট স্টেজে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে চলমান এই প্রতিযোগিতায় সেশেলসের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফার প্রকাশিত সর্বশেষ সূচি অনুযায়ী, ‘টিয়ার-ই’ এর অন্তর্ভুক্ত এই ম্যাচে নির্ধারিত সময়ে সেশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ফিফার এই প্রতিযোগিতার নিয়মানুযায়ী, গ্রুপপর্ব শেষে কোনো দলই সরাসরি টুর্নামেন্ট থেকে বিদায় নেয় না। অংশগ্রহণকারী সব দলকেই শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়। গ্রুপপর্বে ৬ দলের ‘জি’ গ্রুপে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজির মুখোমুখি হয়ে দুই জয়, দুই ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে গ্রুপ শেষ করেছিল বাংলাদেশ।
নিয়ম অনুযায়ী, গ্রুপে শীর্ষ ৩২ দলের বাইরে পঞ্চম স্থানে থাকা ৩২ দলকে নিয়ে গঠিত হয় ‘টিয়ার ই’। আজ সেশেলসকে হারিয়ে সেই স্টেজের শেষ-৩২ এর বাধা টপকে শেষ ষোলো নিশ্চিত করল বাংলাদেশ।আগামীকাল প্রতিযোগিতার পরের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সিঙ্গাপুর ও ইউএস ভার্জিন আইল্যান্ডস ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে পরবর্তী লড়াইয়ে নামবে লাল-সবুজের কিশোররা।
বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
খেলা
৫৯ মিনিট আগে
২৮ অক্টোবর (বুধবার), ২০২৬, ৪ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
