কম্পাউন্ড নারী দলের স্বর্ণজয়

এশিয়া কাপ আরচারি

কম্পাউন্ড নারী দলের স্বর্ণজয়

ফন্ট সাইজ:

ইরাকের সুলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের কম্পাউন্ড নারী দল। বুধবার ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এই সোনালি সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস।

ফাইনালে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে নিশ্চিত করেন সোনা জয়। প্রথম রাউন্ডে বাংলাদেশ ৫৭ এবং কাজাখস্তান ৫৫ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আরও দারুণ খেলে ৫৭ পয়েন্ট পায়, যেখানে কাজাখস্তান সংগ্রহ করে ৫২ পয়েন্ট। তৃতীয় রাউন্ডে ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ, বিপরীতে কাজাখস্তানের সংগ্রহ ছিল ৫৬।

শেষ রাউন্ডেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে ৫৮ পয়েন্ট তুলে নেন বাংলাদেশের আরচাররা। অন্যদিকে কাজাখস্তান শেষ রাউন্ডে পায় ৫৭ পয়েন্ট। চার রাউন্ড মিলিয়ে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট, আর কাজাখস্তানের সংগ্রহ থামে ২২০ পয়েন্টে। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিয়ে পোডিয়ামের সর্বোচ্চ স্থানে নাম লেখাল বাংলাদেশের নারী দল।​