ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

ফন্ট সাইজ:

ইসরাইলে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ৪১ ভাগ ভোট গণনা শেষে এগিয়ে আছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট। এসময় নিজ দলের সমর্থকদের সামনে দেয়া ভাষণে নেতানিয়াহু জানায়, ইসরাইলের নির্বাচনে ডানপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই দেশে একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী ডানপন্থি সরকার গঠন করতে হবে। আরব দলগুলোকে নিয়ে কোনোভাবেই সরকার গঠন করা যাবে না। পাশাপাশি ইরান থেকে আসা অস্তিত্বের হুমকি চিরতরে দূর করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, নির্বাচনে লিকুদ পার্টি ইসরাইলের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। ইহুদি জনগণের মধ্যে ডানপন্থি জোট চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি আরব দলগুলোর তীব্র সমালোচনা করে বলেন, যারা ইসরাইলের অস্তিত্বের বিরোধিতা করে এবং সেনাদের যুদ্ধাপরাধী বলে, তাদের ওপর নির্ভর করে সরকার গঠন করা নিষিদ্ধ। এমনটি করা হলে তা দেশের জন্য বড় বিপদের কারণ হবে। শুধু ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই ইসরাইলের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহু তার ভাষণে সাম্প্রতিক সামরিক সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইসরাইল সাহসিকতার সঙ্গে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। দেইফ, হানিয়া, সিনওয়ার, নাসরুল্লাহ এবং খামেনিকে হত্যার কথা উল্লেখ করে তিনি জানান, ইসরাইল গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং ধ্বংসের বিপদ থেকে দেশকে রক্ষা করেছে। তবে ইরানের সরকার যতদিন থাকবে, ততদিন তারা ইসরাইলকে ধ্বংসের চেষ্টা করবে বলে তিনি সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে চিরতরে ইরানের হুমকি দূর করার এটিই এক ঐতিহাসিক সুযোগ বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি ইসরাইলি সেনা, ভোটার এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।