বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খাল খনন, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু ও এডিস মশা নিধনসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি’র নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল গঠন করেছিলেন। এ ছাড়াও যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, তার শাসনামলে যুবকদের হাতের কাজ, টাইপিং ও ওয়েল্ডিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। যুবদলও দেশের পুনর্গঠন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছেন।
রিজভী বলেন, অর্থনীতিবিদদের গবেষণায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া ইতিমধ্যে এক থেকে দেড় হাজার কিলোমিটার খাল খনন এবং তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশকে বসবাসযোগ্য করে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য। এ সময় বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রিজভী
গণতন্ত্রের সংগ্রামে সংগঠনটি ইস্পাতকঠিন অগ্রবাহিনী
স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
