ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে দিনব্যাপী মেলেনি সেবা। মরদেহ বাড়িতে নেয়ার জন্য করতে হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। হাসপাতালের মেঝে ও বারান্দায় অসহায় স্বজনরা ছোটাছুটির পরও অ্যাম্বুলেন্স খুঁজে পায়নি। বাধ্য হয়ে মরদেহ বাড়িতে নিতে হয়েছে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে। গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করতেও পড়তে হয়েছে চরম বিপাকে।
জানা যায়, মঙ্গলবার ঢামেকে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা দিনব্যাপী ধর্মঘট পালন করেন। এতে এমন মানবিক সংকটের সৃষ্টি হয়। পরিবহনসংকটে রোগী ও স্বজনরা প্রায় দিশেহারা। কেউ চার-পাঁচ ঘণ্টা, কেউ সাত থেকে আট ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে বিকল্প যানবাহনে রোগী ও লাশ নিয়ে গন্তব্যে রওনা হন।
এদিন সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের গেট, কলেজ গেট, নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও অনেক চালক রোগী পরিবহন করেননি।
অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্স এবং অন্য অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে পারেনি। সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও তেমন রোগী পরিবহন করতে দেখা যায়নি। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ঢাকার বাইরে থেকে আসা রোগী এবং স্বজন হারানো পরিবারগুলো। গুরুতর অসুস্থ রোগীকে সময়মতো অন্য হাসপাতালে নিতে না পেরে উদ্বেগে কাটে স্বজনদের সময়। অন্যদিকে, লাশ বাড়িতে নেয়ার জন্য দীর্ঘ অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ব্যবস্থা করেন।
পার্কিং নিয়ে বিরোধ, ঢামেকে ধর্মঘট
দিনভর অপেক্ষার পরও মেলেনি অ্যাম্বুলেন্স
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪৮ মিনিট আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
