পুলিশ হেফাজতে এমপিপুত্র

ছাত্রদল নেতা শাকিল হত্যা

পুলিশ হেফাজতে এমপিপুত্র

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার রাতে ঢাকায় শাকিলের মৃত্যুর পরেই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। এদিকে শাকিলের মৃত্যুর খবরে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১৪ই অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১৪ই অক্টোবর রাতে হেলমেট পড়া মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপি’র আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই রাউন্ড গুলিও ছুড়ে দুর্বৃত্তরা। শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেয়া হয়। সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়। গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।