জাল সনদে চাকরি, দুই বিসিএস কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

জাল সনদ ব্যবহার করে সরকারি চাকরি পাওয়ার অভিযোগে ৩৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আসা দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতে আবেদন করেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে পৃথক আবেদন করেন। আবেদনে বলা হয়, সরকারি চাকরি পেতে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন অভিযুক্তরা।

পরে ওই সনদ প্রকৃত দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে নিয়োগের সুপারিশ আদায় করেন। পরে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতা উত্তোলন করেন। এভাবে তারা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুদক জানায়, এ ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।