মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার কুছুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। তিনি পেশায় কৃষক। আহত মিজানুর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত। রামনগর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে আব্দুল্লাহ মোটরসাইকেলে করে মধুখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে উল্টোদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ও মিজানুর আহত হন। স্থানীয়রা তাদেরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
