ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। গতকাল অনুশীলনে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। তার চোটের ধরন ও গুরুতর অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি টিম ম্যানেজমেন্ট। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে অনুশীলনে মুশফিকের চোট তাই বাড়িয়েছে উদ্বেগ।
মূল মাঠে হালকা গা গরম ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে ব্যাটিং করতে যান মুশফিক, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তিনটি আলাদা নেটে চলছিল তাদের অনুশীলন। এর মধ্যে নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের ডান হাতের তর্জনীতে। সঙ্গে সঙ্গেই ব্যথায় নেটের পাশে বসে পড়েন তিনি। পরে নেট ছেড়ে বেরিয়ে চেয়ারে বসলে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে তার শুশ্রূষা চলে। প্রায় ২০ মিনিট পর আঙ্গুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক। এরপর আর ব্যাটিং করেননি তিনি। মুশফিকের খেলা নিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখনো পর্যন্ত ঠিক আছে। ওরকম কোনো কিছু শুনিনি যে পারবে না, পারবে।’ তবে চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা না যাওয়ায় তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা থাকছে। এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির সময় সংযুক্ত আরব আমিরাতে হিপ জয়েন্টে চোট পেয়েছিলেন লিটন কুমার দাস। সেই চোট নিয়েই দেশে ফিরতে হয় তাকে। এরপর গত কয়েকদিন ধরে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছেন এই উইকেটকিপার-ব্যাটার।
গতকাল নেটে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেছেন তিনি। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দে দেখা গেলেও মেডিকেল বিভাগের ছাড়পত্র এখনো মেলেনি। প্রধান কোচ ফিল সিমন্স আগেই জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য প্রস্তুত লিটন। তবে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘লিটন সকালে ফিটনেস নিয়ে কাজ করেছে। সে বেশ ভালো আছে। অনুশীলনে ব্যাটিং ও ফিল্ডিং, সবই করেছে। তবে ফিজিও ও ট্রেনারের কাছ থেকে এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। আশা করছি, ভালো কিছু হবে। সব ঠিক থাকলে সে খেলবে, কিন্তু এখনো শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় গুরুত্বপূর্ণ। অধিনায়ক শান্ত অবশ্য দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তার বিশ্বাস, অভিজ্ঞ ক্রিকেটাররা প্রতিপক্ষের প্রস্তুতি নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিতে পারবেন। তবে প্রথম টেস্টের আগে মুশফিকের চোট এবং লিটনের খেলার অনিশ্চয়তা দল নির্বাচনে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।
