উয়েফা চ্যাম্পিয়নস লীগের রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই এবার ইংলিশ লীগ কাপে (কারাবাও কাপ) মহারণ। আজ রাতে চতুর্থ রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট লিভারপুল ও চেলসি। দু’টি ভিন্ন ক্লাবের কোচ হিসেবে লিভারপুলের মাঠে এখনো জয়ের মুখ দেখেননি জাবি আলোনসো। তাই ব্লু কোচের জন্য রাত ২টার ম্যাচটি পুরনো হিসাব মেলানোর। আলোনসোর জন্য ম্যাচটি যেন এক প্রকার অগ্নিপরীক্ষা। ইংলিশ প্রিমিয়ার লীগে স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে ব্লু’রা।
অন্যদিকে আন্দোনি ইরাওলার অধীনে দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। ঘরের মাঠে গত লীগ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারানোর পর অল রেডদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। তবে পরিসংখ্যান চেলসি কোচের জন্য উদ্বেগের। এর আগে বায়ার লেভারকুজেন ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অ্যানফিল্ডে পা রাখেন এ স্প্যানিশ কোচ। ম্যাচ দু’টিতে যথাক্রমে ৪-০ এবং ১-০ গোলের তিক্ত পরাজয়ের স্বাদ পান আলোনসো। এবার চেলসি’র ডাগআউটে দাঁড়িয়ে দীর্ঘদিনের এই খরা কাটানোর সুযোগ তার সামনে। দুই দলেই রয়েছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি। লাল কার্ডের কারণে নিষিদ্ধ কোল পালমারকে পাচ্ছে না চেলসি।
অন্যদিকে লিভারপুলও গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বিশ্রাম দিতে পারে অ্যালিসন বেকার ও ভার্জিল ভ্যান ডাইকসহ বেশ কয়েকজন তারকাকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা আলেকজান্ডার ইসাক এবং ব্র্যাডলি বারকোলাদের নিয়ে গড়া লিভারপুলের আক্রমণভাগ চেলসি রক্ষণের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। হেড টু হেড রেকর্ডে দুই দলই সমানে সমান। শেষ পাঁচ দেখায় দু’টি করে জয় পেয়েছে উভয় দল এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে অ্যানফিল্ডের বর্তমান ফর্ম এবং সমর্থকদের সমর্থন বিচারে আজকের এই নকআউট লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে থাকছে স্বাগতিক লিভারপুল।
