আজ শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবেন ৭৪টি দলের প্রায় ৫৭২ জন সাঁতারু। তবে প্রতিযোগিতা শুরুর আগেই হতাশার খবর- এবার পদকজয়ীদের জন্য থাকছে না কোনো প্রাইজমানি। গত আসরে স্বর্ণজয়ীরা পেয়েছিলেন দুই হাজার, রৌপ্যজয়ীরা এক হাজার এবং ব্রোঞ্জজয়ীরা ৫০০ টাকা করে। তবে রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পাবেন সাঁতারুরা। গতকাল পল্টনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে পদকজয়ীদের প্রাইজমানি বাতিলের কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
বরং রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ অথচ গত আসরেও রেকর্ডধারীদের জন্য একই অঙ্কের পুরস্কার ছিল। অর্থাৎ নতুন করে যোগ হয়নি কিছুই, উল্টো বাদ পড়েছে পদকজয়ীদের আর্থিক স্বীকৃতি। এবার সাঁতারে ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪ ী ১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪ ী ১০০ মিটার মিক্সড মিডলে রিলে যুক্ত হয়েছে। ডাইভিংয়ে থাকছে ছয়টি ইভেন্ট- পুরুষ ও নারীদের তিনটি করে। ওয়াটার পোলোসহ সবমিলিয়ে ইভেন্টের সংখ্যা ৪৯টি। এ ছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের অংশগ্রহণে থাকবে একটি প্রদর্শনী ইভেন্ট। আজ বিকাল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর। আগামী ৩১শে অক্টোবর হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
