১৭ লাখ টাকা নিয়ে উশু ফেডারেশনে দ্বন্দ্ব

ফন্ট সাইজ:

বাংলাদেশ উশু ফেডারেশনের তহবিল থেকে ১৭ লাখ ১৬ হাজার ৩৮০ টাকা উত্তোলন নিয়ে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলুর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতির অভিযোগ, তার ও নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী ওই অর্থ উত্তোলন করেছেন। এ ঘটনায় গত ৭ই অক্টোবর তাদের কারণ দর্শানোর চিঠি দেন সভাপতি। তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি। সাধারণ সম্পাদক দিলুর দাবি, সভাপতিকে মৌখিকভাবে জানিয়ে ফেডারেশনের কার্যক্রম সচল রাখতে অর্থ উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে চিঠির জবাব ও অর্থের হিসাবও দেয়া হয়েছে। সভাপতি সাইফুল ইসলামের বক্তব্য, শুধু স্বাক্ষর থাকলেই অর্থ উত্তোলন বৈধ হয় না, প্রয়োজন যথাযথ অনুমোদনও। তিনি বলেন, ‘সভাপতি কিংবা নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া অর্থ উত্তোলন সঠিক প্রক্রিয়া নয়।’ বিষয়টি পরবর্তী নির্বাহী সভায় আলোচনার কথা রয়েছে। এদিকে এশিয়ান গেমসে জিন্নাত আক্তারের ব্রোঞ্জ জয়ের পরও তার জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করতে পারেনি উশু ফেডারেশন। এর মধ্যেই সামনে এসেছে ফেডারেশনের অভ্যন্তরীণ বিরোধ।