বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজই ওয়েস্ট ইন্ডিজের শেষ পরীক্ষা। পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান উন্নত করতে এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। বর্তমানে অষ্টম স্থানে থাকা দলটির লক্ষ্য দুই টেস্টেই জয় তুলে নিয়ে চক্র শেষ করা পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে। মিরপুরে আজ শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তার আগে গতকাল সংবাদ সম্মেলনে চেজ বলেন, পয়েন্ট তালিকায় উন্নতি করতে হলে এই সিরিজের সুযোগ কাজে লাগাতেই হবে। তিনি বলেন, ‘না, এটাই আমাদের শেষ সিরিজ। তাই পয়েন্ট তালিকায় উপরে উঠতে চাইলে এই সিরিজেই সেটা করতে হবে।
এ বছর আমরা চারটি টেস্ট খেলেছি, দু’টি জিতেছি, একটি ড্র করেছি এবং একটিতে হেরেছি। ভালো ফর্ম নিয়েই এই সিরিজে এসেছি। তাই দু’টি জয় পেতে চাই। এতে পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে চক্র শেষ করতে পারবো, যা দলের জন্য বড়দিনের ভালো উপহার হবে।’ তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে, এমনটা মনে করছেন না চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের জয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে দলগুলোর মধ্যে ব্যবধান কমছে। কোনো দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। চেজের ভাষায়, ‘গত কয়েক বছরে যেসব দলকে ছোট দল বা সহযোগী সদস্য হিসেবে বিবেচনা করা হতো, তারাও অনেক উন্নতি করেছে। টেস্ট খেলা কোনো দলকেই খারাপ বলা যায় না। ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে প্রস্তুতি নেবেন, প্রতিটি দলের বিপক্ষেই সেভাবে প্রস্তুতি নিতে হবে।’ বাংলাদেশের পেস আক্রমণও এখন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের পাশাপাশি গতির ঝড় তোলেন নাহিদ রানা।
তবে এবার দলে নেই এই তরুণ পেসার। বিষয়টি জানার পর চেজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘ওহ, তাহলে তো আমাদের জন্য ভালো।’ বাংলাদেশের কন্ডিশনে স্পিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটিও মাথায় রাখছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের উইকেটে ঘাস দেখা গেলেও নিচের অংশ শুকনো মনে হয়েছে চেজের। তার ধারণা, উইকেটের আচরণ বুঝে স্পিনারদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে। চেজ বলেন, ‘ঘাস দেখে মনে হতে পারে উইকেট স্পিনসহায়ক হবে, তবে নিচের অংশটা কিছুটা শুকনো দেখাচ্ছে। আর এটা বাংলাদেশ, এখানে মূলত স্পিনের জন্যই পরিচিত। তাই আমরা মনে করি, স্পিনও ভূমিকা রাখবে।’ কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা বদলানোর পক্ষপাতী ক্যারিবীয় অধিনায়ক। তার মতে, উইকেটের ধরন, স্কোরবোর্ড ও ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই খেলতে হবে। চেজের বিশ্বাস, শেষ পর্যন্ত যে দল কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, জয় তাদেরই হবে।
