জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিৎ শিক্ষা দেবে। তাদের দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে। দুলু বলেন,
আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অশান্ত, অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে। বিরোধী দলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এই আন্দোলন সুযোগ নিতে পারে। তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে। দুলু বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি, ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দিবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দিবে। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ। অনুষ্ঠানে দুলু আরো বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দূর্বলতা ভেবে আসবে আসবে বলে ভীতি সৃষ্টির চেষ্টা করে। দেশের মানুষ নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
বাংলারজমিন
৩ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
