ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে হামলায় নিহত ৬০

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে হামলায় নিহত ৬০

ফন্ট সাইজ:

ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত সপ্তাহে দুটি পৃথক হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ এ তথ্য জানিয়েছে। নিহতরা সবাই খ্রিষ্টান ধর্মাবলম্বী। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে চার্চের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের হোলি সিনড জানায়, গত ২০শে অক্টোবর মেরতি ওরেদায় ১৪ জন এবং ২৪শে অক্টোবর শেরকা ওরেদায় ৪৬ জন নিহত হন। সোমবার দেয়া এক বিবৃতিতে চার্চ জানায়, হামলায় ২০টির বেশি বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার দায় নিয়ে ওরোমিয়া আঞ্চলিক সরকার এবং উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে।

আঞ্চলিক সরকারের দাবি, ধর্মীয় সংঘাত উসকে দিতেই বিদ্রোহী জোট এই হামলা চালিয়েছে। অন্যদিকে বিদ্রোহী জোটের সঙ্গে যুক্ত একটি সূত্র স্থানীয় দুই বাসিন্দার বরাত দিয়ে দাবি করেছে, ওরোমিয়া আঞ্চলিক সরকারই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এর আগে অর্থোডক্স খ্রিষ্টানদের ওপর হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) নামের বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছিল আঞ্চলিক সরকার। তবে তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে উৎখাতের লক্ষ্যে যে সাতটি সশস্ত্র গোষ্ঠী গত মাসে জোট গঠনের ঘোষণা দিয়েছিল, ওএলএ তাদের মধ্যে অন্যতম।