সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। জর্ডানের একটি গির্জায় গত সপ্তাহে হওয়া প্রাণঘাতী হামলার জবাবে এ হামলা চালায় দেশটি। সিরিয়ার কর্তৃপক্ষ জানায়, দেরা ও সুওয়েইদা প্রদেশে চালানো এ হামলায় তিন শিশু ও এক নারীসহ অন্তত সাতজন নিহত হন। সোমবারের এই হামলার পর জর্ডানের সঙ্গে প্রধান সীমান্ত পারাপার পথ বন্ধ করে দিয়েছে সিরিয়া। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, কারাক প্রদেশের একটি গির্জায় বন্দুক হামলার জবাবে তারা সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এই হামলা চালিয়েছে। গত শুক্রবারের ওই গির্জা হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন। জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই তারা এই অভিযান চালিয়েছে। তবে সিরিয়া এই দাবি অস্বীকার করে একে ‘বিশ্বাসঘাতকতামূলক হামলা’ বলে আখ্যা দিয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। সিরিয়ার সিভিল ডিফেন্স জানায়, এক হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
এর আগে সোমবার সকালে জর্ডানের নিরাপত্তা বাহিনী গির্জায় হামলার সঙ্গে জড়িত সন্দেহে আল-জাদিদা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। প্রায় তিন ঘণ্টার গোলাগুলির পর তাদের গ্রেপ্তার করা হয়। কারাক প্রদেশের ওই গ্রিক অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া মানুষদের ওপর বন্দুকধারীরা গুলি চালানো হয়। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এই গির্জা হামলার কড়া জবাব ও অপরাধীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়ার পরই সিরিয়ায় এই বিমান হামলা চালানো হলো।
