এশিয়ান ট্র্যাডিশনাল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন।
এক অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ফয়েজ আহমেদের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা ও ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের একজন ক্রীড়া সংগঠকের নির্বাচিত হওয়া দেশের জন্য সম্মানের। এর মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে এশিয়ার বিভিন্ন দেশে আরও পরিচিত করে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ফয়েজ আহমেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা এশিয়ার দেশগুলোর মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলার বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। বিশেষ করে বাংলাদেশের নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনি কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন তারা।
নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ বলেন, এশিয়ান ট্র্যাডিশনাল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ দায়িত্ব দেশের ঐতিহ্যবাহী খেলাধুলার বিকাশে কাজ করার নতুন সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব খেলা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
