ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দাবি করেছে, সৌদি আরবের ভূখণ্ডের গভীরে তিনটি সামরিক অভিযান চালিয়েছে তারা। এসব অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এক বিবৃতিতে হুতিরা জানায়, ইয়েমেনে সৌদির হামলা এবং রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে ইরানপন্থী গোষ্ঠীটি বলেছে, রোববার প্রথম অভিযানটি সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয়েছে। এ অভিযানে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি চালানো হয় খামিস মুশাইত এলাকায় অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে। হুতি বাহিনীর দাবি, সেখানে উড়োজাহাজের হ্যাঙ্গার, গোলাবারুদের গুদাম, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলা নিখুঁত ও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।
তৃতীয় অভিযানটি সৌদি আরবের জিজান এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণাঞ্চলীয় নৌঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে সৌদি বাহিনীর কয়েকজন সেনা ও কর্মকর্তা নিহত এবং আহত হয়েছেন বলে দাবি গোষ্ঠীটির।
তবে এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিন বিবৃতিতে হুতি বাহিনী জানায়, দেশ ও জনগণকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। নারী ও শিশু হত্যার জন্য দায়ীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হুতিরা।
এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অনিরাপদ দাবি করে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থা, তাদের কর্মী এবং যাত্রীদের ওই বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে এই গোষ্ঠী।
সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করারও আহ্বান জানানো হয়েছে। তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমাকে এ সতর্কতার বাইরে রাখা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতির শেষাংশে ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী বাহিনী জানায়, সৌদি ভূখণ্ডের গভীরে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ইয়েমেনে হামলা বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সৌদি সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানোর হুমকিও দেয়া হয়েছে।
দাবি হুতিদের
সৌদির বিমানবন্দরসহ সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু হামলা, সেনাসহ নিহত একাধিক
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ১ঃ২০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
