ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৮৪ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯, ময়মনসিংহ বিভাগে ১৫৫, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮২ ও সিলেট বিভাগে ৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৮৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।