বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে প্রেমিকার অনশন

ফন্ট সাইজ:

বগুড়া আদালতের বিচারক ইউনুস আলীর গ্রামের বাড়ি লালমনিরহাট হাতীবান্ধার টংভাঙ্গা গেন্দুকুড়ি কালীবাড়ি। ওই বাড়িতে ৩ দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন তারই প্রেমিকা স্কুলশিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি। বিয়ের দাবিতে প্রাপ্তির অনশন নিয়ে এলাকায় চলছে তোলপাড়। অনশনরত প্রেমিকাকে দেখতে সহকারী জজ মো. ইউনুস আলীর গ্রামের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন।

বিচারকের বড় ভাই হযরত আলী জানান, বিষয়টি নিয়ে তারাও বিব্রত বোধ করছেন। ২/১ দিনের মধ্যে ইউনুস আলী বাড়িতে আসলে বিয়ে রেজিস্ট্রারি করা হবে। এদিকে অনশনরত আনিতা তাবাসসুম প্রাপ্তি জানান, যেহেতু বিয়ে করবে বলে বহুদিন ফাঁকি দিয়ে আসছে তাই ইউনুস বিয়ে না করা পর্যন্ত কোনো ভরসা পাচ্ছি না। প্রাপ্তি হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। তিনি রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

অন্যদিকে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তার প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে করবে বলে নানানভাবে মেলামেশাও করেছে। দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় তিনি ইউনুস আলীর বাড়িতে এসে অনশনে বসেছেন। জানা গেছে, শিক্ষিকা ওই বাড়িতে অবস্থান নেয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাই হযরত আলী জানান, বিয়ে হবে তবে ইউনুস আলী বাড়িতে আসার পর। ওই ওয়ার্ডের মেম্বার জানান, বিষয়টি দ্রুত সুরাহা করা হবে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মোশাররফ হোসেন জানান, বিষয়টি তারা জেনেছেন। স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।