যেকোনো জায়গায় কাজ করতে প্রস্তুত আশরাফুল

যেকোনো জায়গায় কাজ করতে প্রস্তুত আশরাফুল

ফন্ট সাইজ:

শনিবার সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। অথচ রাতেই খবর আসে, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না সাবেক এই অধিনায়ক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি এখনো বহাল রয়েছে। নতুন দায়িত্ব কী হবে, তা অবশ্য এখনো জানায়নি বোর্ড। আশরাফুলও বিষয়টি নিয়ে হতাশ নন। বরং জানিয়েছেন, দেশের ক্রিকেটের উন্নয়নে বোর্ড তাকে যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করতে প্রস্তুত তিনি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবি’র হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

অন্যদিকে, আশরাফুলকে বোর্ডের অন্য কোনো পর্যায়ে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তাকে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল কিংবা এইচপি ইউনিটের দায়িত্ব দেয়া হবে কি না- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিবি’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও চুক্তি বাতিল করা হয়নি। ফলে চুক্তির মেয়াদে বোর্ড চাইলে তাকে অন্য কোনো পর্যায়ে দায়িত্ব দিতে পারবে। এমনকি জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) কোনো বিভাগীয় দলের কোচ হিসেবেও দেখা যেতে পারে তাকে।

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারানোর পর আশরাফুল কী ভাবছেন- তা জানতে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি সৌভাগ্যবান যে একবারেই জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে দায়িত্ব পেয়েছিলাম। তবে বড় পর্যায়ে আমার কোচিংয়ের হাতেখড়ি সবে হয়েছে। ক্রিকেট বোর্ড আমাকে এই পদে আর চালিয়ে না নিয়ে অন্য কোথাও কাজে লাগাতে চাইলে আমি সেটাকে সাদরে গ্রহণ করবো।’ কোচিং ক্যারিয়ারকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়ে আশরাফুল বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ার, বিশেষ করে বড় পরিসরে, সবে শুরু হয়েছে। আবারো বলছি, আমি সৌভাগ্যবান যে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করার সুযোগ পেয়েছি। এখন যদি বয়সভিত্তিক দল কিংবা এইচপিতে কাজ করার সুযোগ দেয়া হয়, আমি অবশ্যই করবো। কারণ আমি কোচিং করতে চাই এবং এই ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আমার আছে।’

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে না থাকাকে নিজের ক্যারিয়ারের অবনতি হিসেবে দেখছেন না আশরাফুল। বরং নতুন দায়িত্বে কাজ করার সুযোগ পেলে দেশের ক্রিকেটের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আশরাফুল বলেন, ‘জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে না থাকলেই যে আমি মুষড়ে পড়বো, মনমরা হয়ে থাকবো কিংবা এটাকে নিজের পতন মনে করবো, তেমন নয়। ভবিষ্যতে অন্য কোথাও ভালো কাজ করার সুযোগ এলে অবশ্যই গ্রহণ করবো। দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা জানি, যা বুঝি, তা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রাণপণ চেষ্টা করবো। এখন ক্রিকেট বোর্ড আমাকে কোথায় রাখবে, কিংবা আদৌ রাখবে কি না- সেটা বোর্ডের ব্যাপার।’