প্রথম টেস্টে লিটনকে নিয়ে শঙ্কা

প্রথম টেস্টে লিটনকে নিয়ে শঙ্কা

ফন্ট সাইজ:

চোটের কারণে দুবাইয়ে ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি লিটন কুমার দাসের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও এই উইকেটকিপার ব্যাটারকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোট গুরুতর না হলেও স্ক্যান পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়েছে। ফলে আগামী ২৮শে অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে বিকল্প হিসেবে অমিত কুমারকে বিবেচনা করবে নির্বাচক প্যানেল।

লিটনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তখনই তিনি জানিয়েছিলেন, লিটনকে না পাওয়া গেলে অমিত কুমারকে বিবেচনা করা হবে। এবার সেই বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন। দেশে ফেরার পর তার স্ক্যান করানো হয়। তাতে কিছু সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে বিসিবি’র নির্বাচক প্যানেলের একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে ওই নির্বাচক বলেন, ‘হ্যাঁ, মেডিকেল থেকে কিছু সমস্যা পাওয়ার কথা বলা হয়েছে। প্রথম টেস্টে তাকে পাওয়া নাও যেতে পারে। আমরা লিটনের সঙ্গে বসবো। এরপর ফিজিও’র সঙ্গে কথা বলবো, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তবে শঙ্কা তো আছেই।’ লিটনের চোটের সমস্যা অবশ্য নতুন নয়। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আবারো চোটে পড়েন বাংলাদেশের সাদা বলের অধিনায়ক। এবার সেই চোটের প্রভাব পড়তে পারে টেস্ট সিরিজেও। আগামী ২৮শে অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ই নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে লিটনকে পাওয়ার আশা রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নেন সেঞ্চুরি। উইকেটের পেছনেও গড়েন ডিসমিসালের রেকর্ড। এমন ছন্দে ফেরার পরই আবার চোটে পড়লেন লিটন। এখন তার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় বাংলাদেশ দল।