২০০ মিটারে শিরিনের রেকর্ড

২০০ মিটারে শিরিনের রেকর্ড

ফন্ট সাইজ:

জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে রেকর্ড গড়লেন স্প্রিন্টার শিরিন আক্তার। নারী ২০০ মিটারের দৌড়ে ২৪.৩৫ সেকেন্ডে দৌড় শেষ করে ২০২৪ সালের নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। সেবার ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। শিরিন গতকাল অন্যদের চেয়ে এতটাই এগিয়ে ছিলেন যে, দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ১.২৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। শরীফা নিজের দৌড় শেষ করেন ২৫.১১ সেকেন্ডে। ২০০ মিটার নারীদের স্প্রিন্টে ২৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক অ্যাথলেট মোসাম্মত বর্ষা খাতুন।

পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতেন ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। একটুর জন্য ১৯৯৯ সালের মাহবুব আলমের ২১.১৫ সেকেন্ডের রেকর্ডটি ভাঙা হলো না ইমরানুরের। যদিও এ নিয়ে তার আক্ষেপ নেই, কারণ ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টের স্পেশালিস্ট। আসন্ন সাফ গেমসের আগে প্রস্তুতির জন্যই তিনি ২০০ মিটারে দৌড়েছেন। তিনিই জানান, এর আগে গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটারে দৌড়েছেন। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার। আর ২১.৭৭ সেকেন্ডে দৌড়ে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ব্রোঞ্জ জেতেন মোহাম্মদ রাকিবুল হাসান।

নিজের প্রিয় ৬০ মিটার ও ১০০ মিটারের বাইরে ২০০ মিটারে প্রথম হয়ে ইমরানুর বলেন, ‘আসলে... কেমন করি সেটা দেখার জন্য এবং কেবল অনুশীলনের অংশ হিসেবেই আমি এই ইভেন্টে অংশ নিয়েছি- একটু সাধারণ ও আনন্দের ছলে। শুধু এ কারণেই অংশ নেয়া। আমি তো মূলত ১০০ মিটার ও ৬০ মিটারে পারদর্শী; ২০০ মিটারের অনুশীলন করি না। তবে আলহামদুলিল্লাহ্‌, ভালো লেগেছে। ফলাফলে আমি সন্তুষ্ট। আর আগামী বছর যদি নিয়মিত অনুশীলন করি, ইনশাআল্লাহ্‌ আরও ভালো করতে পারবো।’