সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈককে বিষয়টি জানতে চাওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এমপি জহরত আদিব চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কমিটি তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনসমূহের সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির নিকট উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এমপি এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, এবং সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির ২য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কমিটির সভাপতিকে ধন্যবাদ জানান। এছাড়া সম্প্রতি কমিটি কর্তৃক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের কার্যক্রম ও জনবল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির নিকট বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনসমূহের প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করে।
বৈঠকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
