লাল কার্ড দেখেই প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

লাল কার্ড দেখেই প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

ফন্ট সাইজ:

মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্ক, এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় লাল কার্ড। তাতেও ক্ষান্ত হননি নেইমার। মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে ঘটে এমন ঘটনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফল ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড এবং মাঠে তাঁর উত্তপ্ত আচরণ।

ঘটনার সূত্রপাত প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়ান নেইমার। এরপর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। তবে কার্ড দেখেও শান্ত হননি তিনি। নেস্টরের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর।

একপর্যায়ে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার। প্রথমার্ধ শেষে নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানান নেস্টর। তাঁর অভিযোগ, নেইমার শুধু তাঁকেই অসম্মান করেননি, অসম্মান করেছেন বাহিয়া ক্লাবকেও। তবে নেইমার ঠিক কী বলেছিলেন, তা প্রকাশ করতে চাননি নেস্টর। তাঁর যুক্তি, শিশুদের সামনে এমন কথা বলা ঠিক হবে না।

বিরতির পর দুই খেলোয়াড়ের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে জড়ান নেইমার। নেস্টর তাঁকে খেলা শুরুর জন্য সরে যেতে বলেন। জবাবে মুখের ওপর হাত রেখে কিছু বলেন নেইমার। সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে অভিযোগ জানান নেস্টর। পরিস্থিতি সামাল দিতে ভিএআরের সাহায্য নেন রেফারি।

এরপরই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় ব্রাজিলিয়ান তারকাকে। লাল কার্ড দেখেও ক্ষোভ সামলাতে পারেননি নেইমার। নেস্টরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

মাঠ ছাড়ার পথে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নেইমারের দাবি, নেস্টরের সঙ্গে তাঁদের হাসিঠাট্টা চলছিল। মুখের ওপর হাত রেখে কথা বলাকে ভুল স্বীকার করলেও তাঁর অভিযোগ, তিনি কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে অভিযোগ করেন।


নেইমার বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর নেস্টরের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, মুখের ওপর হাত রাখাটা আমার ভুল হয়েছে। আমি কিছু বলিইনি, অথচ সে এরই মধ্যে হাত তুলে ফেলেছে। ফুটবলে এর চেয়ে বড় নোংরা চাল আর হয় না। তবে আমি নেস্টরকে দেখে নেব।’
ব্রাজিলের সংবাদমাধ্যম স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘বদমাশ’ বলেও মন্তব্য করেন নেইমার।
দুই ম্যাচে নেইমারকে পাবে না সান্তোস
নেইমারের জন্য শাস্তির পাশাপাশি অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকার ধাক্কা। লাল কার্ড দেখার আগে প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। আগের একটি হলুদ কার্ড থাকায় নিয়ম অনুযায়ী পালমেইরাসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারতেন না সান্তোস তারকা। লাল কার্ড দেখায় তাঁর নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বেড়েছে। ফলে পরপর দুই ম্যাচে নেইমারকে পাবে না সান্তোস।