ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই বিশেষ আয়োজন। তবে এবার তার ৩৪ তম জন্মদিনের সাজসজ্জায় ছিল ভিন্নতা। পুরো আয়োজন সাজানো হয়েছে শিউলি ফুলের আবহে। আর এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন নায়িকার এক ভক্ত। গতকাল রাতে জন্মদিনের জমকালো এই পার্টিতে আরও একটি সারপ্রাইজ দেন পরীমনি। হঠাৎ করেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরীমনি। সিনেমার নাম ‘ফারজান’। পরিচালনা করছেন তারেক রহমান।
সিনেমাটির শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। শনিবার পরীমনির জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শুধু সাজসজ্জায় নয়, নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছিলেন এই অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা কমলা রঙের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। পরীমনি বলেন, জন্মদিনে একটা সারপ্রাইজ আছে।
আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়। সিনেমাটির বিষয়ে তিনি আরও বলেন, আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব। আপনারা শিগগিরই বিস্তারিত জানতে পারবেন। পরিচালক তারেক রহমানও সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।
