এবার মিউজিক ভিডিওতে জেবিন

এবার মিউজিক ভিডিওতে জেবিন

ফন্ট সাইজ:

অভিনয়ে খুব অল্প সময়ের ক্যারিয়ার তার। এর মধ্যেই আলোচনায় চলে এসেছেন বগুড়ার মেয়ে শিরতাজ জেবিন। কাজ করছেন সুন্দর সুন্দর গল্পের নাটকে। সর্বশেষ ‘মায়াপাখি’ এবং ‘অভিযান’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে এবারই প্রথম শিরতাজ জেবিন কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। নির্মাতা মো. সামছুল হুদার পরিচালনায় ‘তুমি শ্রেষ্ঠ একজন’ শিরোনামের গানে মডেল হয়েছেন শিরতাজ। এতে তার সঙ্গে আছেন মেহরাজ খান। ‘সিনেজগৎ’ ইউটিউব চ্যানেলের জন্য গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন রুবেল খন্দকার।

মিউজিক করেছেন এমএমপি রনি। রাজধানীর অদূরে একটি রিসোর্টে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিরতাজ জেবিন বলেন, শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্যামেরায় নিজেকে দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সত্যিই তাই, এতটা সুন্দরভাবে আগে আমাকে কখনোই উপস্থাপন করা হয়নি। প্রথম মিউজিক ভিডিওতে কাজ করে আমি মুগ্ধ। ধন্যবাদ সামছুল হুদা ভাই’সহ পুরো টিমের প্রতি। আমি অধীর অপেক্ষায় আছি গানটি প্রকাশের। মেহরাজ খান বলেন, আমার আগের দু’টি মিউজিক ভিডিও’র জন্য নতুন হিসেবে আমি বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আমার বিশ্বাস ‘তুমি শ্রেষ্ঠ একজন’ সবার ভালো লাগবে। কারণ এতে আছেন শিরতাজ জেবিন, তাকে সত্যিই অপূর্ব লেগেছে এই মিউজিক ভিডিওতে। তার সৌন্দর্যে মুগ্ধ হবেন সবাই গানে গানে।