ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজধানীর ভাষানটেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি। এ ছাড়া ভাষানটেক এলাকার মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ছোট ব্যবসায়ী, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, স্থানীয় কল্যাণ সংস্থার প্রতিনিধি, নারী, শিশু কিশোর, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ অংশ নেন। মতবিনিময়ে স্থানীয় বাসিন্দারা গ্যাস সংকট, পানির সমস্যা, রাস্তা সংস্কার, রাস্তা প্রশস্তকরণ, ধর্মীয় উপাসনালয় নির্মাণ এবং লাইব্রেরি প্রতিষ্ঠার মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা শোনেন আবদুর রহমান সানি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সানি বলেন, ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেয়া হবে। গ্যাসের লাইন থাকা সত্ত্বেও গ্যাস না পাওয়ার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি আরও জানান, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ সহজ করতে বিভিন্ন কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এবং ভাষানটেক এলাকায় পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে। সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আবদুর রহমান সানি সবার মাঝে ইফতার বিতরণ করেন। সভায় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমানের উদ্যোগে ভাষানটেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
