রহস্যের নতুন মোড়ে ঐন্দ্রিলা

রহস্যের নতুন মোড়ে ঐন্দ্রিলা

ফন্ট সাইজ:

পুজোর পর দর্শকদের সামনে নতুন রহস্য নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তার অভিনীত ‘শ্বেতকালী-২’ সিরিজে এবারো কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং রহস্যের সমাধানে সাহসী পদক্ষেপ নেয়া ঊর্বি চরিত্রটি নিয়ে আশাবাদী অভিনেত্রী। ঐন্দ্রিলার মতে, বাংলা বিনোদন জগতে নারীপ্রধান ফ্র্যাঞ্চাইজির সংখ্যা এখনো সীমিত। প্রথম পর্ব দর্শকদের ভালোবাসা পাওয়ায় দ্বিতীয় পর্ব তৈরির সুযোগ এসেছে। আগের গল্প শেষ হয়ে যাওয়ায় একসময় তার মনে হয়েছিল, ঊর্বিকে আর পর্দায় দেখা যাবে না। পরে পরিচালক সানি ঘোষ রায়, প্রযোজক ও চিত্রনাট্যকার নতুনভাবে চরিত্রটি সাজিয়েছেন। ফলে এবার ঊর্বির গোয়েন্দা সত্তা আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।

সিরিজের গল্পে ছোটবেলার বন্ধুর পরিবারের সঙ্গে পুজো কাটাতে গিয়ে নতুন রহস্যের মুখোমুখি হয় ঊর্বি। অন্যায় কিংবা অন্ধবিশ্বাস দেখলে নিজের বিপদের কথা না ভেবেই সে সমাধানের পথে এগিয়ে যায়। ঐন্দ্রিলা চান, দর্শক চরিত্রটিকে বুদ্ধিমতী ও সাহসী নারী হিসেবে মনে রাখুন। সিরিজটি জনপ্রিয় হলে ভবিষ্যতে ঊর্বিকে পূর্ণাঙ্গ গোয়েন্দা হিসেবেও দেখা যেতে পারে। অভিনেত্রী জানান, টিজার ও পোস্টারে ইতিবাচক সাড়া পাওয়ায় দর্শকের আগ্রহ নিয়েও আশাবাদী তিনি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সিনেমায় অভিনয়ের প্রস্তাব তুলনামূলকভাবে কম পান বলে জানিয়েছেন ঐন্দ্রিলা। এর নির্দিষ্ট কারণ তার জানা নেই। কাজ পাওয়ার জন্য পার্টিতে যাওয়ার বদলে নিজের অভিনয়ের ওপরই ভরসা রাখতে চান তিনি। ভালো কাজ করলে উপযুক্ত সুযোগ আসবে, এমন বিশ্বাসও রয়েছে তার।