রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, জিডি করলেন ওসি

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, জিডি করলেন ওসি

ফন্ট সাইজ:

সরাইল থানায় গিয়ে ওসি’র সঙ্গে বাদানুবাদের ঘটনার পর নিজের ফেসবুক পেজে ওসিকে নিয়ে একটি পোস্ট দেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। অন্যদিকে ওসি ঘটনার বিষয়ে থানায় জিডি করেছেন তার বিরুদ্ধে।

রুমিন ফারহানা তার পোস্টে ওসি মনজুর কাদের ভূঁইয়া কক্সবাজারের চকরিয়া থানার ওসি থাকাকালীন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ১০টি কাটিং যুক্ত করে লিখেন, এ ধরনের লোক ওসি'র দায়িত্ব পালন করলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে কী করে? এসব পেপার কাটিংয়ে ওসি মনজুরের বিরুদ্ধে নির্যাতন, হত্যা চেষ্টার অভিযোগে মামলা, নবদম্পতিকে থানায় তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসানোর সংবাদ রয়েছে।

পূজা দেখার সময় নিরাপত্তা বিধান না করে উল্টো মানু্ষের নিরাপত্তা নিয়ে চলার পরামর্শ দেয়ায় গত ২২ অক্টোবর থানায় গিয়ে ওসি’র ওপর ক্ষোভ ঝাড়েন এলাকার নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সে সময় ওসি দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের চোর ওসি বলেও অভিযোগের তীর ছুড়েন। ওসি এমপি’র সাথে থাকা লোকজনকে দেখিয়ে বলেন আপনি কি এদেরকে নিয়ে থানায় মব করতে এসেছেন। এমপি-ওসি’র বাকবিতণ্ডা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

থানার এ ঘটনার বিষয়ে একটি জিডি করেছে পুলিশ। শুক্রবার রাতে জিডির বিষয়টি জানাজানি হয়। তাছাড়া ঘটনার সময় রুমিন ফারহানার সঙ্গে থানায় কারা কারা এসেছিলেন-পুলিশ তাদের তথ্য সংগ্রহ করছে বলেও একটি সূত্র জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম জিডি’র বিষয়টি নিশ্চিত করেন। জানান, ওইদিনের ঘটনাটা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ না। যেকোনো উল্লেখযোগ্য ঘটনা হলেই আমরা জিডি করে রাখি।

তবে এ ব্যাপারে ওসি মনজুর কাদের ভূঁইয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য ঘটনার পর ওসি সাংবাদিকদের কাছে সংসদ সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করেন। থানায় হৈ-চৈ, শত শত লোক নিয়ে মিছিল করা, ওসির অফিস কক্ষে হৈ-হট্টগোল করা এবং অনৈতিক সুবিধে নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগ করেন।