মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

ফিলিপাইন

মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

ফন্ট সাইজ:

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বিমান দুটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান।

ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে বলেন, ‘বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়েছে। এতে অন্য কেউ হতাহত হননি।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের সব বিমান সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে বলে জানান ক্যাপিনগুইয়ান।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমান নিয়ে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হলে দুই সামরিক পাইলট নিহত হন।